[gtranslate]

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানিকছড়ি উপজেলা প্রশাসন ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটি


প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২২, ৮:৩৩ অপরাহ্ন / ৪৭৭
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানিকছড়ি উপজেলা প্রশাসন ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটি

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মানিকছড়ি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ওয়াকছড়িস্থ ২৬ ডিসেম্বর সোমবার দুপুর ২টার দিকে বসতঘর পুড়ে যাওয়া অংথোয়াই মারমা (৬০) ও চাইন্দা মারমা (৫৮) দম্পতিদের জন্য জরুরী ভিত্তিতে তাঁবু তৈরি করে দিয়েছে যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি উপজেলা ইউনিটের সদস্যরা।

মানিকছড়ি যুব রেড ক্রিসেন্টের যুবনেতা থোয়াই অং প্রু মারমার নির্দেশে উপ-দলনেতা-১ আবদুল আউয়াল ও উপ-দলনেতা-২ হাবিবুর রহমানের নেতৃত্বে প্রশিক্ষণ বিভাগীয় উপ-প্রধান যোবায়ের হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি বিভাগীয় প্রধান মনির হোসেন, বন্ধুত্ব বিভাগীয় প্রধান মনির হোসেন যুব সদস্য মৃদুল কুমার ত্রিপুরা ও এলাকাবাসীর সহযোগিতায় সন্ধ্যার পরপর তাঁবু তৈরি করে দিয়েছে।

এ সময় সংশ্লিষ্ট ইউপি সদস্য, মো. মোশাররফ হোসেন উপস্থিত থেকে পর্যবেক্ষণ ও সহযোগিতা করেন। এ বিষয়ে দলনেতা থোয়াই অং প্রু মারমা বলেন, আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্টের মূলনীতির আলোকে মানিকছড়ি উপজেলাতেও নিরপেক্ষ, পক্ষপাতহীন ও স্বেচ্ছামূলক সেবার মাধ্যমে আর্ত মানবতার সেবায় যুব রেড ক্রিসেন্ট অংশগ্রহণ করে থাকে।

 

এ দিকে সন্ধ্যার আগে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ছুটে যান ইউপি সদস্য, মো. মোশাররফ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো. তৌহিদ-উজ-জামান। এ সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিন, কম্বল ও নগদ অর্থ প্রদান করেন।