

মো: শাহিন হাওলাদার,
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বাকেরগঞ্জ উপজেলার ২নং চরাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা রমেশ চন্দ্র দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছিলেন। ভাঙা ঘর, নাজুক বসবাস ও দুঃখ–দুর্দশার মধ্যেই দিন চলছিল তাঁর। সম্প্রতি তাঁর এই দুর্বিষহ চিত্র চোখে পড়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজের। অসহায় রমেশের এমন করুণ অবস্থা দেখে দ্রুত মানবিক উদ্যোগ নেন ইউএনও। খুব অল্প সময়ের মধ্যেই তাঁর জন্য নির্মাণ করা হয় একটি নতুন ঘর। সোমবার বেলা ১১ টার দিকে বাকেরগঞ্জের চরাদীতে গিয়ে নতুন ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও রুমানা আফরোজ। ঘর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, চরাদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময়ে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়। স্থানীয়রা ইউএনওর এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসায় পঞ্চমুখ। নতুন ঘর, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রমেশ চন্দ্র। তিনি বলেন, “এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। ইউএনও ম্যাডাম না থাকলে হয়তো এভাবে বাঁচতে পারতাম না।”
আপনার মতামত লিখুন :