[gtranslate]

আমরা চাই সবাই স্বনির্ভর হোক” — ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ


প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৫:১৬ অপরাহ্ন / ১০২
আমরা চাই সবাই স্বনির্ভর হোক” — ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ

মোঃ জসিম মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এবং জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, “আমরা চাই সবাই স্বনির্ভর হোক। কর্মমুখী শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারলে সমাজ এগিয়ে যাবে এবং দারিদ্র্যও কমে আসবে।”

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর, ৯নং রানীগাঁও ও ১০নং মিরাশী ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র রমজান উপলক্ষে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস. এম. ফয়সলের উদ্যোগে সায়হাম গ্রুপের পক্ষ থেকে অসচ্ছল পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, “আমাদের সমাজে দারিদ্র্য এখনও বড় একটি বাধা। সমাজের সচেতন ও সামর্থ্যবান মানুষদের এগিয়ে এসে অসহায় ও নিপীড়িত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে। রমজান মাস সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। আমরা চাই অন্তত এই পবিত্র মাসে অসচ্ছল পরিবারগুলো যেন কিছুটা স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারে।”

তিনি আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এলাকাবাসী সৈয়দ মোঃ ফয়সলকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এখন সবার সম্মিলিত প্রচেষ্টায় মাধবপুর ও চুনারুঘাটকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক উন্নয়ন—এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিলে এলাকার সামগ্রিক পরিবর্তন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে মাধবপুর পৌর শহরে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহাজাহান অসচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, “রমজান মাসে মহান আল্লাহ পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন নাজিল করেছেন। এ মাস রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এ সময়ে দোয়া কবুল হয়। আপনারা সবাই নবনির্বাচিত এমপি সৈয়দ মোঃ ফয়সলের জন্য দোয়া করবেন, যেন তিনি তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন।”

ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে আরও বিভিন্ন ইউনিয়নে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হবে। রমজানের এ মানবিক উদ্যোগে উপকারভোগী পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।