[gtranslate]

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপিত


প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন / ১৫৫
খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপিত

সাজু আহমেদ, খাগড়াছড়ি

“We Are Local, Everywhere”-“আর্তমানবতায় সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৮ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ খ্রি. উদযাপন করা হয়। স্বেচ্ছাসেবকদের সমাজ সেবামূলক কাজের স্বীকৃতি প্রদানই ছিলো এই আয়োজনের মূল লক্ষ্য। আয়োজনের শুরুতেই জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দিনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ, পাশাপাশি খাগড়াছড়ি সদরের বিভিন্ন স্কুল ও কলেজ রেড ক্রিসেন্ট দলের প্রতিনিধিরাও এই আয়োজনে অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবীদের অনুপ্রেরণা যোগাতে ইউনিটের পক্ষ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্কুল-কলেজের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এ ছাড়াও বছরের সেরা স্বেচ্ছাসেবক নির্বাচন করে তাঁদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের উপ-যুব প্রধান (১) আব্দুল আল নোমান’র সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মোহাম্মদ আল আমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিট কার্যনিবার্হী কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট অফিসার আব্দুল গনি মজুমদার। প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন “স্বেচ্ছাসেবীরাই সমাজের মূল শক্তি। আপনাদের মানবিক কাজ আমাদের সমাজকে আরও সুন্দর করে তোলে। এই স্বীকৃতি আপনাদের আগামীতে আরও উৎসাহ যোগাবে।” জে/এ