[gtranslate]

চট্টগ্রাম–১৩ আসনে বিপুল জয় সরওয়ার জামাল নিজামের, চাঁদাবাজি-সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৯:০৮ অপরাহ্ন / ৪৩
চট্টগ্রাম–১৩ আসনে বিপুল জয় সরওয়ার জামাল নিজামের, চাঁদাবাজি-সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার

শেখ আব্দুল্লাহ,আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিপুল ভোটে জয়ী হয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৪৬০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৃহত্তর সুন্নী জোটের এস এম শাহজাহান (মোমবাতি) পেয়েছেন ৫১ হাজার ৬২ ভোট এবং ১১ দলীয় জোটের মাহমুদুল হাসান চৌধুরী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩৪ হাজার ৩৫ ভোট। এছাড়া জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী (লাঙ্গল) ৪২৮, এনডিএমের মোহাম্মদ এমরান (সিংহ) ২১৯, গণঅধিকার পরিষদের মো. মুজিবুর রহমান (ট্রাক) ১৫৯ এবং ইনসানিয়াত বিপ্লবের মু. রেজাউল মোস্তফা (আপেল) ২৮৩ ভোট পেয়েছেন।
নির্বাচিত হওয়ার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সরওয়ার জামাল নিজাম বলেন, “চট্টগ্রাম–১৩ আসনে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না, সন্ত্রাস করতে দেওয়া হবে না। একটি চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত এলাকা উপহার দেওয়া হবে।”
তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী গোষ্ঠী আমার পরিবারকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। ওয়ান-ইলেভেনের সময় আমাকে টার্গেট করে জেলে নেওয়া হয়েছিল, দেশে থাকতে দেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, “বিএনপির গায়ে কেউ কালিমা লেপন করতে চাইলে তা প্রতিহত করা হবে। আনোয়ারাকে একটি সুন্দর ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে।”
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আপনারা আবারও বিপুল ভোটে আমাকে চতুর্থবারের মতো নির্বাচিত করেছেন। এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমি কথা দিচ্ছি, আনোয়ারাকে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ করা হবে।”
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন। মোট প্রদত্ত ভোট ২ লাখ ২২ হাজার ২৩৩। এর মধ্যে বাতিল ভোট ১০ হাজার ৬৮৭ এবং বৈধ ভোট ২ লাখ ১১ হাজার ৫৪৬।