ডেস্ক রিপোর্ট :
রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত অব্যাহত থাকায় ঢাকার অধিকাংশ সড়ক জলাবদ্ধ হয়ে পড়েছে। রাত থেকে থেমে থেমে বৃষ্টি, কোথাও ঝড়ো হাওয়া ও বজ্রপাতের পর ভোর থেকে শুরু হয় ভারী বর্ষণ। অবিরাম কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে ১০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
সকালে সরেজমিনে দেখা যায়, মিরপুর, মতিঝিল, আরামবাগ, মগবাজার, মৌচাক, খিলগাঁও, রাজারবাগ, মালিবাগ, ধানমন্ডি, গ্রিন রোড, বিজয় স্মরণী, বংশাল, শান্তিনগর, ফার্মগেট, বনানী ও হাতিরঝিলসহ বিভিন্ন এলাকায় সড়কে হাঁটুসমান পানি জমে গেছে। কোথাও কোথাও ঝড়ে গাছ উপড়ে পড়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে অনেক সড়কে যানবাহনের গতি প্রায় থেমে গেছে, আবার কোথাও বিকল হয়ে থাকা গাড়ি যানজট বাড়িয়েছে।
জলাবদ্ধতা ও যানজটের কারণে মানুষজন বিশেষ করে শিক্ষার্থী ও চাকরিজীবীরা বিপাকে পড়েছেন। ভোগান্তি পোহাতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও। রিকশা ও অন্যান্য যানবাহন মিললেও নেওয়া হচ্ছে তিন থেকে চার গুণ বেশি ভাড়া।
এদিকে যানজট নিরসনে সকাল থেকে সড়কে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সকাল ১০টায় ট্রাফিক গুলশান বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বনানী ঢাকা গেট এলাকার সড়কে পানি জমে যান চলাচল ধীরগতির। দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য নাগরিকদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
দুপুর ১২টার দিকে ট্রাফিক মিরপুর বিভাগ জানায়, কাজীপাড়া মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় জলাবদ্ধতার কারণে এক লেন দিয়ে ধীরগতিতে যানবাহন চলছে। এছাড়া টেকনিক্যাল ক্রসিং এলাকায় ঝড়ে উপড়ে পড়া গাছ অপসারণে ট্রাফিক পুলিশ কাজ করছে।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর অধিকাংশ সড়কে পানি জমে থাকার খবর পাওয়া গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।






আপনার মতামত লিখুন :