

নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরের নির্দেশনায় ডিবির একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
ডিবির ওসি মো. আরিফুল ইসলাম এবং এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ফোর্সসহ পিরোজপুর সদর উপজেলার কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের ৫ তলা ভবনের ৪র্থ তলায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। শয়নকক্ষের ওয়াড্রোবের ভেতরে লুকানো নীল রঙের জিপারযুক্ত ব্যাগ থেকে ২০০ পিস করে মোট ৩০০ প্যাকেটে রাখা ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

এ ঘটনায় মো. মিজানুর জামান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের বাসিন্দা হলেও জাতীয় পরিচয়পত্রে তাঁর স্থায়ী ঠিকানা চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বড় কুমিরা গ্রাম উল্লেখ রয়েছে। বর্তমানে তিনি আলহামদুলিল্লাহ মার্কেটের ওই বাসায় বসবাস করছিলেন।

রবিবার রাতে এক সংবাদ সম্মেলনে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার সম্ভব হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলা পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :