[gtranslate]

পিরোজপুর-২ আসনে মঞ্জু পরিবারের দুই ভাইয়ের মনোনয়নপত্র জমা


প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ৮:২৬ অপরাহ্ন / ২৮৮
পিরোজপুর-২ আসনে মঞ্জু পরিবারের দুই ভাইয়ের মনোনয়নপত্র জমা

এম এফ এইচ রাজু

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসন (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) থেকে প্রভাবশালী মঞ্জু পরিবারের দুই ভাই ভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে নির্বাচনী মাঠে নেমেছেন।

বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা মাহমুদ হোসেন।

অপরদিকে, একই আসনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার ছোট ভাই, জাতীয় পার্টি (জেপি) ভান্ডারিয়া উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাহিবুল হোসেন মাহিম।

সোমবার ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর তার পরিবারের সদস্যরা নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হন। মঞ্জুর আপন চাচাতো ভাই মাহমুদ হোসেন ও মো. মাহিবুল হোসেন মাহিম ভিন্ন রাজনৈতিক ব্যানারে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন।

এর আগে গত ২৪ ডিসেম্বর জাতীয় পার্টির নেতাকর্মীরা আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন। ফলে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পিরোজপুর-২ আসনে বিএনপি, জামায়াতসহ মোট সাতটি মনোনয়নপত্র জমা পড়েছে।

এদিকে, স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে-আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর তার পরিবারের সদস্যরা ভিন্ন রাজনৈতিক কৌশলে নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।

ভান্ডারিয়া জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল শিকদার বলেন, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ ও পার্শ্ববর্তী ঝালকাঠী-১ আসনে অত্যন্ত পরিচিত একজন রাজনীতিক। তার সময় এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি আশাবাদী, ভোটাররা তার পরিবারের সদস্যদের প্রতিই আস্থা রাখবেন।