[gtranslate]

প্রফেসর হিসেবে পদোন্নতি পেলেন শাহাদত হোসেন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৬, ১:৩০ অপরাহ্ন / ১২২
প্রফেসর হিসেবে পদোন্নতি পেলেন শাহাদত হোসেন

এম. জুলফিকার আলী ভূট্টো,
বিশেষ প্রতিনিধি-

গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহাদত হোসেন প্রফেসর হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর মাধ্যমে তিনি শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদে পদোন্নতি পেলেন। প্রফেসর মো. শাহাদত হোসেন ১৯৬৭ সালে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সরিষাকান্দা ইসলামপুর গ্রামে একটি বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেন। সরিষাকান্দা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাশ করার পর ষষ্ঠ শ্রেণিতে মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভর্তি হন। সপ্তম শ্রেণি থেকে তিনি ঢাকাস্থ রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং একই বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এসএসসি পাশ করার পর তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী কলেজ ঢাকা কলেজে ভর্তি হন এবং প্রথম বিভাগ পেয়ে এইচএসসি পাশ করেন। অতঃপর মো. শাহাদত হোসেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে ভর্তি হন এবং এখান থেকেই অনার্স ও মাস্টার্স কোর্স সম্পন্ন করেন। লেখাপড়া শেষ করে ১৯৯৫ সালে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এনজিও হেলেন কেলারে যোগদান করেন। এক বছরেরও কম সময় চাকুরি করার পর তিনি সুনামগঞ্জ মহিলা কলেজে যোগ দেন। কর্মজীবনে প্রফেসর মোঃ শাহাদত হোসেন সুনামগঞ্জ, নওগাঁ ও কিশোরগঞ্জ জেলায় চাকুরি করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। উল্লেখ্য, সরকারি চাকুরি করলেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় তিনি নিজ জেলা সুনামগঞ্জ ও নিজ উপজেলা ধর্মপাশায় খুবই সুপরিচিত। এলাকার জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ততা তাঁকে এই পরিচিতি এনে দিয়েছে। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ডিগ্রী কোর্স চালুর বিষয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। এ ছাড়া প্রফেসর মো. শাহাদত হোসেন একজন লেখক হিসেবেও সুপরিচিত। হাওর ও শিক্ষা নিয়ে তাঁর অনেক লেখা স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।
তিনি একজন বিখ্যাত ডিএক্সার। বিশ্বের অন্তত ৫০ টি দেশের পাঁচ শতাধিক কিউএসএল কার্ড তার সংগ্রহের রয়েছে। তাছাড়া বিবিসি, ডয়চে ভেলে, এনএইইচকে রেডিও জাপান, আইআরআইবি রেডিও তেহরান, রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনাল প্রভৃতি বেতার কেন্দ্রের মনিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন সংগঠকও। একাধিক সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করেছেন। বর্তমানে দেশের বৃহত্তম শ্রোতা সংগঠন এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সুনামগঞ্জ জেলার কৃতি সন্তান মো. শাহাদত হোসেন প্রফেসর হিসেবে পদোন্নতি পাওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। জে/এ