

বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। এ পদক্ষেপে রাষ্ট্রীয় প্রোটোকলের প্রতি অগ্রাহ্যতা ও সংবিধানবিরোধী আচরণের অভিযোগ তোলা হয়।
আইনজীবী মাহমুদুল হাসান নোটিশে বলেন, সংবিধানের ৪৮(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং তাঁর পদমর্যাদা সর্বোচ্চ। ফলে রাষ্ট্রপতির ছবি অপসারণের সিদ্ধান্ত সংবিধান ও প্রোটোকলবিরোধী এবং রাষ্ট্রপ্রধানের প্রতি অসম্মানজনক।
নোটিশে বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশনে অবিলম্বে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা—যিনি প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন—তার ছবিও রাষ্ট্রপতির ছবির সঙ্গে প্রদর্শনের প্রস্তাব দেওয়া হয়েছে।
নোটিশে ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়েরের ঘোষণা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :