

ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে পরিচালক পদের নির্বাচনের পর অনুষ্ঠিত হয় সভাপতি নির্বাচন।
আগেই ধারণা করা হচ্ছিল, বুলবুল হচ্ছেন নতুন সভাপতি। কারণ, তার প্রধান প্রতিদ্বন্দ্বী তামিম ইকবাল নির্বাচনের কয়েকদিন আগে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এরপর আর কেউ প্রার্থী না হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বুলবুল।
তবে সভাপতি নির্বাচনে তেমন চমক না থাকলেও সহসভাপতি পদ নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। অবশেষে ফলাফল ঘোষণার পর জানা যায়, বিসিবির সহসভাপতির দুই পদে নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট সংগঠক শাখাওয়াত হোসেন।
নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে ঢাকা বিভাগের প্রতিনিধি হিসেবে জয়ী হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও শাখাওয়াত হোসেন। অন্যদিকে, ক্লাব পর্যায়ের ক্যাটাগরি-২ থেকে জয়ী হয়েছেন ফারুক আহমেদ।
সহসভাপতি পদে অন্য কেউ মনোনয়নপত্র না তোলায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এই দুই সাবেক ক্রিকেটার।
এর আগে গত ৩০ মে প্রথমবারের মতো বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বুলবুল। চার মাসের সফল দায়িত্ব পালনের পর এবার নির্বাচনের মাধ্যমে পূর্ণ চার বছরের জন্য বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নেতৃত্বে এলেন এই সাবেক অধিনায়ক।
বুলবুলের আগে প্রায় নয় মাস বিসিবির সভাপতির দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ, যিনি এবার সহসভাপতি হিসেবে বোর্ডে থাকছেন।
অন্যদিকে, সহসভাপতি নির্বাচিত হওয়া শাখাওয়াত হোসেন এবারই প্রথম বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন। বরিশাল বিভাগ থেকে উঠে আসা এই সাবেক ক্রিকেটার সম্প্রতি বুলবুলের ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আজকের নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে আরও দুজন পরিচালক যোগ দেবেন বোর্ডে। সব মিলিয়ে ২৫ জন পরিচালক নিয়ে নতুন মেয়াদে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আপনার মতামত লিখুন :