[gtranslate]

ভান্ডারিয়ায় অসুস্থ হয়ে বরিশাল নেওয়ার পথে যুবকের মৃত্যু


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৬, ১০:১৯ অপরাহ্ন / ৮২২
ভান্ডারিয়ায় অসুস্থ হয়ে বরিশাল নেওয়ার পথে যুবকের মৃত্যু

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাছ ধরতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে মোঃ সাব্বির (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার হরিনপালা গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে সাব্বির ও মোঃ সাখায়েত হোসেন (৪৫) নামে আরেক ব্যক্তি ট্রলারে করে নদীতে মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে মঞ্জু বাজারে যান। সকাল সাড়ে ৭টার দিকে সাব্বির হঠাৎ পেটে তীব্র ব্যথায় আক্রান্ত হন এবং বমি করতে থাকেন।

এ অবস্থায় সাখায়েত হোসেন মোবাইল ফোনে সাব্বিরের পরিবারকে বিষয়টি জানান। পরে সাব্বিরের বাবা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে চিকিৎসার জন্য মঠবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরবর্তীতে বরিশাল নেওয়ার পথে ভান্ডারিয়া পৌরসভার ওভারব্রিজ এলাকায় পৌঁছালে সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ২০ মিনিটের মধ্যে সাব্বির মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রতনেশ্বর কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কীটনাশক বা চালের ওষুধের বিষক্রিয়ায় সাব্বিরের মৃত্যু হতে পারে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।