[gtranslate]

ভান্ডারিয়ায় নির্বাচনী আচরণবিধি বিষয়ে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৬, ১১:২৫ অপরাহ্ন / ১৫২
ভান্ডারিয়ায় নির্বাচনী আচরণবিধি বিষয়ে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত

এমএফএইচ রাজু|ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে একটি সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় উপজেলার রিজার্ভ পুকুরপাড় এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রেহেনা আক্তার। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনী আচরণবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। ভোটারদের পাশাপাশি প্রার্থী ও রাজনৈতিক কর্মীদেরও আইন ও বিধিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত গণভোটের বিষয়ে উপস্থিত জনগণকে অবহিত করেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। পরে তিনি উপস্থিতদের মধ্যে গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করেন এবং হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশ প্রশাসন শতভাগ নিরপেক্ষ ও সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীন শরিফ। তিনি তাঁর বক্তব্যে নির্বাচনী আচরণবিধির বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন এবং সাধারণ জনগণকে আইন মেনে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পথসভায় নির্বাচনী আচরণবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে জনগণের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেওয়া হয়।

আয়োজকেরা জানান, এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া এবং একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।