

এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় বরিশাল-পিরোজপুর মহাসড়কের চরখালী লঞ্চ ও রকেট ঘাটসংলগ্ন এলাকায় বাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা হা-মীম পরিবহনের একটি বাস বিপরীতমুখী যাত্রীবাহী ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন, চরখালী ৭ নম্বর ওয়ার্ড এলাকার মৃত আব্দুল সাত্তার উকিলের ছেলে মো. কবির উকিল (৫৫), মৃত মোশারফ সিকদারের ছেলে মো. মিজান শিকদার (৫০) এবং পরিচয় অজ্ঞাত এক ব্যক্তি, যার বাম পা ভেঙে গেছে। তবে ভ্যানচালকের কোনো সন্ধান এখনো মেলেনি।
প্রত্যক্ষদর্শী মো. মনির হোসেন বলেন, হঠাৎ একটি বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি ভ্যানটি রাস্তার পাশে উলটে পড়ে আছে। যাত্রীরা চিৎকার করছে। স্থানীয়রা মিলে আহতদের হাসপাতালে পাঠাই। তিনি আরও জানান, দুর্ঘটনার পর তারা রাস্তা অবরোধ করে বাসটি থামানোর চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে ভান্ডারিয়া থানায় খবর দেন।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন। পরে মো. কবির উকিলকে বরিশাল এবং মো. মিজান শিকদারকে খুলনায় নিয়ে যান স্বজনরা।
এদিকে বাসটির চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।
দুর্ঘটনার কিছুক্ষণ আগে একই বাসটির বেপরোয়া গতির অভিযোগ করেন মোটরসাইকেল আরোহী মো. আল আমিন হোসেন। তিনি জানান, মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের সামনে দিয়ে যাওয়ার সময় বাসটি তার মোটরসাইকেলকে ধাক্কা দিতে উদ্যত হয়। তিনি দ্রুত মোটরসাইকেলটি সরিয়ে নেন এবং বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারেন, একই বাসটি কিছুক্ষণ পর চরখালী এলাকায় সংঘর্ষে জড়িয়েছে।
ঘটনার পর ভান্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাসটি আটক প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :