[gtranslate]

ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন / ৭১৫
ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

এম এফ এইচ রাজু

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

হাত ধোয়ার নায়ক হোন – এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকাল ১০টা ৩০মিনিটে ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে-কলমে হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখানো হয় এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। তিনি বলেন, আগে জানতে হবে, কেন হাত ধোয়া জরুরি। হাত না ধোয়ার ফলে অসুস্থতা ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে শিশুদের মধ্যে। তারা মাটিতে খেলাধুলা করে, সেখান থেকে কৃমিসহ নানা জীবাণু শরীরে প্রবেশ করে। সুস্থ থাকতে হলে নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার বিকল্প নেই।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. রুস্তম আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু নাসের, সহকারী শিক্ষক তারেক হোসেন, বিদ্যালয়ের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।