[gtranslate]

রোমাঞ্চকর লড়াই শেষে সোহানের ব্যাটে আফগানদের হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ৯:৩৩ পূর্বাহ্ন / ১৭৯
রোমাঞ্চকর লড়াই শেষে সোহানের ব্যাটে আফগানদের হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট :

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর জয় তুলে নিল বাংলাদেশ ক্রিকেট দল। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ৪ উইকেটের দারুণ জয় নিশ্চিত করে টাইগাররা। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।

ম্যাচে শুরুতে এগিয়ে থেকেও হঠাৎ ভেঙে পড়েছিল টাইগারদের ইনিংস। মাত্র ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে উইকেটে দাঁড়িয়ে থেকে ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন নুরুল হাসান সোহান। তার ঝড়ো ১৩ বলে অপরাজিত ২৩ রানের ইনিংস টাইগারদের নিশ্চিত করে জয়। সঙ্গ দেন রিশাদ হোসেন, তিনি খেলেন ৯ বলে ১৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান শুরুতেই চাপে পড়ে। নাসুম আহমেদ ও তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ৩১ রানের মধ্যে সাজঘরে ফেরেন ওপেনার ইব্রাহিম জাদরান (১৫) ও সেদিকুল্লাহ অটল (১০)। এরপরও লড়াই চালিয়ে যান রহমানুল্লাহ গুরবাজ। তার ব্যাট থেকে আসে ৩১ বলে ৪০ রানের ঝলক। তবে দলীয় ৯৫ রানে গুরবাজ আউট হলে আবারও চাপে পড়ে আফগানরা।

শেষদিকে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী (২৫ বলে ৩৮) ও শরাফতউল্লাহ আশরাফ (১২ বলে ১৭) ঝড়ো ব্যাটিংয়ে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ১৫১ রান। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন রিশাদ হোসেন। তিনি ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ২ উইকেট। তানজিম সাকিবও নেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট ভাগ করে নেন মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান মিলে গড়ে তোলেন ১০৯ রানের বিশাল উদ্বোধনী জুটি। দুজনই সমান ৩৭ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন।

তবে ওপেনারদের বিদায়ের পরই ধসে পড়ে ব্যাটিং লাইনআপ। মাত্র ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ম্যাচ চলে যায় অনিশ্চয়তায়। আফগান স্পিন জাদুকর রশিদ খান একাই নেন ৪ উইকেট, যা ম্যাচে ফেরার বড় সুযোগ এনে দেয় তাদের।

তবে শেষ হাসি হাসেন বাংলাদেশের নুরুল হাসান সোহান। চাপের মুহূর্তে তার শান্ত-আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের ওপর ভর করে ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা।

সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শনিবার, একই ভেন্যুতে।