

এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের মো. জুয়েল হাওলাদার (৩০) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ এক বছর তিন মাস ধরে শয্যাশায়ী অবস্থায় জীবনযাপন করছেন। দুর্ঘটনায় তার মেরুদণ্ড ভেঙে যায় এবং স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি এখন সম্পূর্ণ চলাফেরা অক্ষম।
২০২৪ সালের ২৮ জুলাই উপজেলার মাদার্শী বাজার এলাকা থেকে ফেরার পথে পেছন থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তার গাড়িকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন এবং তার গাড়িটি উল্টে গিয়ে তার শরীরের উপর পড়ে। ঘটনাস্থলেই তার মেরুদণ্ড ভেঙে যায়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার মেরুদণ্ডের চারপাশের অধিকাংশ স্নায়ু ছিঁড়ে গেছে। জটিল অস্ত্রোপচারের পরও তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি।
জুয়েল বলেন, অপারেশনের পর ১৪ মাস পার হলেও এখনও বিছানা ছেড়ে উঠতে পারি না। শরীরের নিচের অংশ অবশ হয়ে গেছে। পেছনে দুটি বড় ক্ষত তৈরি হয়েছে, যা এখন গভীর গর্তে পরিণত হয়েছে। সংসারে পাঁচজন সদস্য, পরিবারের বড় ছেলে আমি, সব দায়িত্ব আমার উপরই ছিল। এখন চিকিৎসা ব্যয় বহন করতে পারছি না, ওষুধও বন্ধ হয়ে গেছে।
জুয়েলের বাবা মো. নান্না হাওলাদার বলেন, ছেলের চিকিৎসায় যা ছিল সব শেষ করেছি। এখন প্রতিদিন তার ক্ষত পরিষ্কার ও ড্রেসিং করি। বাইরে কাজেও যেতে পারি না, ফলে চিকিৎসা একেবারেই বন্ধ হয়ে গেছে।
অসহায় এই পরিবারটি এখন মানবিক সহায়তার জন্য অপেক্ষা করছে। জুয়েলের চিকিৎসা অব্যাহত রাখতে স্থানীয়ভাবে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে।
সহযোগিতা পাঠাতে যোগাযোগ করা যেতে পারে৷ বিকাশ নম্বর: 01775368311
আপনার মতামত লিখুন :