[gtranslate]

সরকারের সিদ্ধান্ত: সয়াবিন ও পাম তেলের দাম বাড়ছে, চূড়ান্ত হার জানাবে ব্যবসায়ীরা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ১০:১৬ অপরাহ্ন / ১৮৮
সরকারের সিদ্ধান্ত: সয়াবিন ও পাম তেলের দাম বাড়ছে, চূড়ান্ত হার জানাবে ব্যবসায়ীরা
ডেস্ক রিপোর্ট :

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় দেশে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কত টাকা বাড়ানো হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানা গেছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে খোলা ও বোতলজাত সয়াবিন তেল এবং পাম তেলের দাম সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা কোনো মন্তব্য না করলেও বৈঠক সূত্রে জানা গেছে, দাম বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চূড়ান্ত মূল্য ব্যবসায়ীদের পক্ষ থেকেই জানানো হবে।

এর আগে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন লিটারপ্রতি ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দেয়। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ব্যারেলপ্রতি ১ হাজার ২০০ ডলার পর্যন্ত উঠেছে।

মেঘনা গ্রুপের পরিচালক তাসলিম শাহরিয়ার বলেন, “আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এজন্য আমরা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছি। আজকের সভায়ও সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান জানান, “ব্যবসায়ীরা যে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, তা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। আমরা বিষয়টি পর্যালোচনা করছি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম ১৮-২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। পাম তেলের ক্ষেত্রেও একই ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এ কারণে দেশে ভোজ্যতেলের দাম সমন্বয়ের প্রস্তাব এসেছে।

এর আগে গত ১৩ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করেছিল। নতুন দাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।