

কামরুজ্জামান লিটন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা ও জেলা বিএনপির সহযোগিতায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা বালুর মাঠে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম ক্যাম্পটির উদ্বোধন করেন।
ড্যাব জেলা শাখার সমন্বয়ক ও নাক-কান-গলা এবং হেডনেক বিশেষজ্ঞ সার্জন ডা. মো. কামরুল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই ক্যাম্পে মেডিসিন, বক্ষব্যাধি, দন্ত, চর্ম ও যৌন, সার্জারি, অর্থোপেডিক, চক্ষু, শিশু ও গাইনীসহ বিভিন্ন বিভাগের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি নাজমুল হুদা খান উজ্জ্বল, লিয়াকত আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান বাবলু, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুবদলের সভাপতি সালেহ আকরাম পল্লব, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রদলের সভাপতি লিটন মিয়াসহ দলীয় নেতৃবৃন্দ।
চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, “ফ্রি চিকিৎসা আমাদের জন্য অনেক বড় সহায়তা। নিয়মিত এমন উদ্যোগ থাকলে আমরা সহজেই চিকিৎসা নিতে পারবো।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
আপনার মতামত লিখুন :