

কামরুজ্জামান লিটন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান মজনু (৫৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী মাজেদুর রহমান।
নিহত মিজানুর রহমান মজনু ছিলেন সেংগুয়া শেখ খলিলুর রহমান মাধ্যমিক ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষক এবং বিলবালিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ মাস্টারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ফসলি জমির কাজ শেষে তিনি বাড়ির উঠানে থাকা নিজের সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।
আপনার মতামত লিখুন :