[gtranslate]

সুন্দরবনে জেলেকে মুখে নিয়ে ঘুরছে কুমির- বন বিভাগের উদ্ধার তৎপরতা


প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ৩:১৯ অপরাহ্ন / ১০৯
সুন্দরবনে জেলেকে মুখে নিয়ে ঘুরছে কুমির- বন বিভাগের উদ্ধার তৎপরতা

স্টাফ রিপোর্টারঃ

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণের শিকার হয়েছেন সুব্রত মণ্ডল (৩২) নামের এক জেলে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বনের করমজল খাল পার হওয়ার সময় তাকে টেনে নিয়ে যায় কুমির।

নিখোঁজ জেলে সুব্রত পূর্ব ঢাংমারী গ্রামের কুমুদ মণ্ডলের ছেলে। তিনি কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন।

সহযাত্রী জেলেরা জানান, অন্যান্য দিনের মতোই বন বিভাগের অনুমতি নিয়ে সুব্রতসহ ৪-৫ জন বনে কাঁকড়া ধরতে যান। ফেরার পথে খাল পার হওয়ার সময় হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে পানিতে টেনে নেয়। সঙ্গে থাকা জেলেরা চেষ্টা করেও তাকে রক্ষা করতে ব্যর্থ হন।

খবর পেয়ে বন বিভাগ ও গ্রামবাসী তল্লাশি শুরু করে।

সন্ধ্যার আগে কুমিরের মুখে সুব্রতের দেহ দেখা গেছে বলে জানিয়েছেন তল্লাশি দলের সদস্য ইস্রাফিল বয়াতি। তিনি জানান, ‘কুমিরটি এখনো সুব্রতকে মুখে নিয়ে ঘুরছে, মাঝে মাঝে ভেসে উঠছে। আমরা আলোর ব্যবস্থা করছি এবং পানি কমলে খালে নেমে তল্লাশি চালাব।’

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘যারা বৈধ পাস নিয়ে বনে গিয়ে বন্য প্রাণীর আক্রমণে মারা যান, তাদের পরিবারকে সরকারিভাবে অনুদান দেওয়া হয়।

পাস ছাড়া গেলে সহায়তা দেওয়া সম্ভব হয় না।’

এ/জে