[gtranslate]

চুনারুঘাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ১০:১৯ অপরাহ্ন / ৪১
চুনারুঘাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মো:জসিম মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান।

সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি এবং উপজেলা সমন্বয়কারী মদন সরদার (AVCB-III), চুনারুঘাট, হবিগঞ্জ।

সভায় সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন, গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যরা মাসে অন্তত একটি করে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের নথিপত্র সংরক্ষণ ও কার্যক্রম পরিদর্শন করবেন। বিশেষ করে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা কীভাবে গ্রাম আদালতের ডকুমেন্ট সংরক্ষণ করছেন তা পর্যবেক্ষণ করে পরিদর্শন খাতায় মন্তব্য লিখে আসতে হবে।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়মিত এজলাসে বসে গ্রাম আদালতের মামলা নিষ্পত্তি করতে হবে। গ্রাম আদালতের মামলা সালিশি আকারে না করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে, কারণ সালিশের কোনো আইনগত ভিত্তি নেই।

সভায় উপজেলা সমন্বয়কারী মদন সরদার বিগত ফেব্রুয়ারি ২০২৬ মাসে গ্রাম আদালতের বিভিন্ন অর্জন ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভাপতি আরও জানান, ইতোমধ্যে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের ৪ দিনব্যাপী গ্রাম আদালতের বেসিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যার ফলে তারা নথিপত্র সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে আরও দক্ষতা অর্জন করেছেন।

সভা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপনী ঘোষণা করেন।