[gtranslate]

দক্ষতা, মার্জিত ব্যবহার ও জনমুখী কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন ইউএনও


প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন / ১৪৫
দক্ষতা, মার্জিত ব্যবহার ও জনমুখী কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন ইউএনও

এম এ রশীদ:

সিলেটের ঐতিহ্যবাহী বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন উম্মে হাবিবা মজুমদার ২০২৫ সালের ৮ ডিসেম্বর এখানে তার যোগদানের পর থেকেই কাজের দক্ষতা, মার্জিত ব্যবহার ও জনমুখী কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখে প্রশংসা অর্জনের পাশাপাশি হয়ে উঠছেন মানুষের আস্থার স্থান।

উপজেলার যেকোনো অবৈধ ও অন্যায় কাজের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার। তিনি কোনো অভিযোগ পেলে তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। তা ছাড়া গণমাধ্যম,ফেসবুক, মুঠোফোনের মাধ্যমে পাওয়া বিভিন্ন অভিযোগ দ্রুত সমাধান ও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সব শ্রেণি-পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, বিগত ৫ আগস্টের পর নানাবিধ কারনেই মাঠ প্রশাসনে কাজের চাঁপ বৃদ্ধি পেয়েছে। উপজেলা প্রশাসন সামলানোর পাশাপাশি উপজেলা পরিষদের দায়িত্ব পালন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির পদে থাকার কারনে নির্বাহী অফিসারের কাজের চাপ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তবে কাজের চাপ বৃদ্ধি পেলেও এ উপজেলায় নাগরিক সেবার মান একটুও কমেনি। বরং আগের চেয়ে সেবার মান বহুগুন বৃদ্ধি পেয়েছে।

সরকারি অনেক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জনগণের রয়েছে অনেক অভিযোগ। এর মধ্যে ব্যতিক্রম জনবান্ধব, পরিশ্রমী বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার । যোগদানের মাত্র এক মাসে তার সততা ও কর্মদক্ষতায় উপজেলার চিত্র বদলে গেছে। ইউএনও উম্মে হাবিবা মজুমদার গত ২৬ ডিসেম্বর উপজেলার দুবাগ ইউনিয়নে এক মানসিক ভারসাম্যহীন মহিলার সন্তান প্রসব হলে উম্মে হাবিবা মজুমদার নিজেই বাচ্চাকে কোলে নিয়ে দেখতে যান এবং গিফট সামগ্রী উপজেলা পরিষদের পক্ষ থেকে উপহার দেন। ফলে তার এই জনমুখী কর্মকাণ্ডে প্রশংসা করছেন সাধারণ জনগণ।

সরেজমিনে তার কর্মকাণ্ডের পর্যবেক্ষণ করে দেখা গেছে, অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা,বাজার মনিটরিং, প্রতিদিন নানাবিধ সামাজিক সমস্যা সমাধানেও নিরলসভাবে কাজ করছেন তিনি।

ইউএনও’র এসব সাফল্যের বিষয়ে মন্তব্য করতে গিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা সভাপতি বলেন,সরকারের একজন উচ্চপদস্থ দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা ইউএনও ম্যাডাম অসাধারণ একজন মানুষ। তার ভালোবাসা এবং সততায় উপজেলার আপামর জনসাধারণ মুগ্ধ।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার বলেন,সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। সে হিসেবে যেখানেই চাকরি করেছি সবসময় নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি নাগরিকদের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, যেদিন এ উপজেলায় যোগদান করেছি, সেদিনই বলেছি এ উপজেলা আমার। তাই আমার এ উপজেলার প্রতিটি নাগরিককে শতভাগ সেবা দেয়ার চেষ্টা করেছি। যতোদিন এ উপজেলায় রয়েছি ততদিন এভাবে সেবা প্রদান করতে চাই।