

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ডাক বিভাগের উদ্যোক্তা শরীফ উদ্দিনের (৩২) ওপর হামলা চালিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে তার চাচাতো ভাইয়েরা। এ ঘটনাটি ঘটেছে উপজেলার বথুয়াবাড়ি গ্রামে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুর ২টায় আহত শরীফ উদ্দিনের স্ত্রী রুপালী খাতুন বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। ওই অভিযোগে শরীফ উদ্দিনের চাচাতো ভাই বথুয়াবাড়ি গ্রামের লিটন ফকির ও রিপন ফকির সহ ৮ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ উদ্দিন দীর্ঘদিন ধরে উপজেলার এলাঙ্গী ডাকঘরে উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বুধবার রাত প্রায় ৮টায় বথুয়াবাড়ি বাজার এলাকা থেকে একা নিজ বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে বাঙ্গালী নদীর বথুয়াবাড়ি ঘাট এলাকায় পৌছলে পূর্ব বিরোধের জের ধরে লিটন, রিপন ও তার লোকজন শরীফ উদ্দিনের ওপর হামলা চালিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় শরীফের চিৎকারে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাতেই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু তার শরীরের অবস্থা অবণতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার দুপুরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত লিটন ফকির বলেন, আমার চাচাতো ভাই শরীফ উদ্দিনের ওপর হামলা কিংবা তাকে হত্যাচেষ্টার ঘটনার সাথে আমরা কেউ জড়িত ছিলাম না। ওই সময় নির্বাচনী কাজে আমরা গ্রামের বাইরে অবস্থান করেছি। তারপরও পূর্ব বিরোধের জের ধরে আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।
ধুনট থানার এসআই হারুনর রশিদ সরদার বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :