

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে আমিনুর রহমান (২২) নামে এক মাদকসেবীর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুর ১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট খায়রুজ্জামান এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামি আমিনুর রহমান ধুনট পৌর এলাকার চরধুনট গ্রামের বাদশা প্রামানিকের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আমিনুর রহমান মাদকদ্রব্য সেবন করে এলাকায় মাতলামী করতে থাকে। এতে ওই এলাকার মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌছে ঘটনার সত্যতা পেয়ে আমিনুরের বিরুদ্ধে এ দন্ডাদেশ দেন।
ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত আসামি আমিনুর রহমানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :