[gtranslate]

মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: নজর কাড়ছে রাকিবুল হাসান অলিভ-এর মানবিক কার্যক্রম! 


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন / ১৮
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: নজর কাড়ছে রাকিবুল হাসান অলিভ-এর মানবিক কার্যক্রম! 

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:

সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এক নীরব বিপ্লব চালিয়ে যাচ্ছে রাজশাহীর ‘মানবতার ফেরিওয়ালা সমাজকল্যাণ সংস্থা’। তরুণ সমাজসেবক ও সংস্থার সভাপতি রাকিবুল হাসান অলিভ-এর নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি বর্তমানে লক্ষ্মীপুর ও বানেশ্বর সহ রাজশাহীর বিভিন্ন এলাকায় অসহায় মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

শিক্ষার আলো ছড়ানো ও জ্ঞান চর্চা অন্ধকার দূর করে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সংস্থাটি লক্ষ্মীপুরে পরিচালনা করছে হযরত শাহ্ মখদুম রূপোশ (র.) নাইট স্কুল। ঝরে পড়া শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের শিক্ষার সুযোগ করে দেওয়ার পাশাপাশি জ্ঞানপিপাসুদের জন্য তারা স্থাপন করেছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পাবলিক লাইব্রেরি। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখায় সহায়তায় বানেশ্বরের মাড়িয়ায় পরিচালিত হচ্ছে ‘মানবতার ফেরিওয়ালা ফ্রি কোচিং সেন্টার’।

বৃদ্ধাশ্রম থেকে শুরু করে ক্ষুধার্তের মুখে খাবার তুলে দেওয়া পর্যন্ত সবখানেই অলিভ-এর সংস্থার পদচারণা লক্ষণীয়। বানেশ্বর মাড়িয়ায় অবস্থিত আলহাজ্ব তসলিম উদ্দিন আহমেদ বৃদ্ধাশ্রম-এর মাধ্যমে প্রবীণদের মাথা গোঁজার ঠাঁই করে দেওয়া হয়েছে। প্রতিদিন রাতের বেলা লক্ষ্মীপুর যাত্রী ছাউনিতে মুসাফির, বিপথগামী ব্যক্তি ও মিসকিনদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করে অনন্য নজির স্থাপন করেছে সংস্থাটি।

এছাড়াও দরিদ্র রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংস্থাটি পরিচালনা করছে হাজী আবুল হোসেন জোয়ার্দ্দার দাতব্য চিকিৎসালয়।পাশাপাশি এতিমখানা, মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও কারিগরি শিক্ষার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার কাজও অব্যাহত রয়েছে।

সংস্থার প্রধান কার্যালয় লক্ষ্মীপুর টিবি রোডে হলেও এর সেবা ছড়িয়ে পড়েছে দূর-দূরান্তে। সভাপতি রাকিবুল হাসান অলিভ মনে করেন, সামর্থ্যবানরা এগিয়ে এলে সমাজ থেকে দারিদ্র্য ও কষ্ট দূর করা সম্ভব।

সংস্থার কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভাপতি রাকিবুল হাসান অলিভ বলেন, “মানুষের সেবা করা কোনো করুনা নয়, বরং এটি আমাদের নৈতিক দায়িত্ব। আমি স্বপ্ন দেখি এমন একটি সমাজের, যেখানে কোনো বৃদ্ধকে রাস্তায় রাত কাটাতে হবে না, কোনো শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না এবং ক্ষুধার্ত অবস্থায় কাউকে ঘুমাতে হবে না। ‘মানবতার ফেরিওয়ালা সমাজকল্যাণ সংস্থা’ কেবল একটি নাম নয়, এটি অসহায় মানুষের আস্থার ঠিকানা। আমরা চাই লক্ষ্মীপুর ও বানেশ্বররের প্রতিটি ঘরে ঘরে মানবিকতার বার্তা পৌঁছে দিতে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে হলে আমাদের আগে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে। ইনশাআল্লাহ, আমৃত্যু আমি সাধারণ মানুষের এই সেবায় নিজেকে নিয়োজিত রাখব।”