

মাকসুদুল হক, (শৈলকুপা) ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও পুষ্টিমান নিশ্চিত করতে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এবং সহযোগী এনজিও সংস্থা ‘ওসাকা’র (OSACA) কারিগরি ও ব্যবস্থাপনায় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পুষ্টি সহায়তা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মাহফুজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার যেমন বাড়বে, তেমনি তাদের মেধার সঠিক বিকাশ ঘটবে। সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে বদ্ধপরিকর।”
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব বিশ্বজিৎ সাহা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসাকা’র উপ-ব্যবস্থাপক মোঃ আলীনুর ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ১৮ নং শৈলকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষকবৃন্দ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাবার বিতরণ করা হবে। খাবারের তালিকায় রয়েছে ফর্টিফাইড (ভিটামিন ও খনিজ সমৃদ্ধ) উচ্চ শক্তির বিস্কুট, সেদ্ধ ডিম, বনরুটি, ২০০ মিলিলিটার ইউএইচটি (UHT) দুধ এবং স্থানীয় মৌসুমি ফল (কলা)। ওসাকা’র কর্মীরা নিয়মিত তদারকির মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে খাবার হাতে পেয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ছবিতে কোমলমতি শিক্ষার্থীদের অত্যন্ত উতফুল্ল ও হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। উপস্থিত অভিভাবকরা সরকারের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পুষ্টিকর খাবার পাওয়ার নিশ্চয়তা শিশুদের নিয়মিত স্কুলমুখী করতে বিশেষ ভূমিকা রাখবে।
উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিস্কুট ও ফল তুলে দেওয়ার মাধ্যমে শৈলকুপায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এক নতুন মাইলফলক স্থাপিত হলো।
আপনার মতামত লিখুন :