

কামরুজ্জামান লিটন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচনী মাঠে নিজ দলের প্রার্থী থাকা সত্ত্বেও বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান উপজেলা গণঅধিকার পরিষদের নেতারা।
সভায় নেতারা বলেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে বিএনপির প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমকে সমর্থন দেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল-আমিন মিলু বলেন, “আমাদের প্রার্থী ইকবাল হোসেন ট্রাক প্রতীকের মনোনয়ন পেলেও প্রচারণার মাঠে তিনি সক্রিয় নন। মূলত তাঁর অক্ষমতার কারণেই আমরা বিএনপিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
আল-আমিন মিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আরিফ তালুকদার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সুজন সরকার, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মুরাদ হাসান, সদস্য সচিব শাকিল আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সজিব মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দলীয় সূত্র জানায়, গণঅধিকার পরিষদের প্রার্থী দলের তৃণমূল পর্যায়ে সক্রিয় না থাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ দুর্বল। অন্যদিকে বিএনপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় থেকে গণমানুষের পাশে কাজ করে আসছেন। ফলে তাঁকে সমর্থন দেওয়ায় নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে।
উল্লেখ্য, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মোট ছয়জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি মনোনীত ফরিদুল কবীর তালুকদার শামীম ও ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়ালের মধ্যে।
আপনার মতামত লিখুন :