

মুক্তাগাছা প্রতিনিধি:
জাতীয় নির্বাচনের প্রাক্কালে সাংবাদিকদের নিরাপত্তা জোরদারে আয়োজিত এক অনুষ্ঠানে ময়মনসিংহের সাংবাদিক মীর সবুর আহম্মেদ–এর হাতে বুলেটপ্রুফ ভেস্ট তুলে দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বাংলাদেশ।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান–২ এ অবস্থিত ইউনেস্কো বাংলাদেশ অফিসে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনেস্কো বাংলাদেশের অফিস প্রধান সুজান ভাইজ সাংবাদিকদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
ভেস্ট গ্রহণের পর মীর সবুর আহম্মেদ মফস্বল এলাকায় সাংবাদিকদের পেশাগত ঝুঁকি ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। তিনি বলেন, মাঠপর্যায়ে কাজ করা সাংবাদিকরা প্রায়ই নানা ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হন। এ ধরনের উদ্যোগ তাদের কাজে আরও আত্মবিশ্বাস যোগাবে।
এসময় সুজান ভাইজ বলেন, নির্বাচনকালীন সময়ে মাঠপর্যায়ে কাজ করা সাংবাদিকরা নানা ধরনের ঝুঁকির মধ্যে থাকেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিত হলে তারা আরও স্বাধীন ও নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারবেন, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করে।
অনুষ্ঠানে গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :