[gtranslate]

ভাণ্ডারিয়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা: প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি-এড. মোয়াজ্জেম হোসেন আলাল


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৭:২৬ অপরাহ্ন / ৭৮
ভাণ্ডারিয়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা: প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি-এড. মোয়াজ্জেম হোসেন আলাল

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি কখনোই প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। প্রতিশোধ ও পাল্টা জবাবের রাজনীতি বিএনপির আদর্শ নয় এবং ভবিষ্যতেও এই দল সে পথে হাঁটবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ভাণ্ডারিয়া শহীদ জিয়া মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পিরোজপুর-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের পক্ষে অনুষ্ঠিত নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে এবং চিকিৎসা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করা হয়েছে। ভুল চিকিৎসার মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। এরপরও দীর্ঘ ছয় বছর কারাভোগ শেষে ফ্যাসিস্ট সরকারের পতনের পর তিনি প্রতিশোধের কথা বলেননি। বরং শান্তি, সহনশীলতা ও ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করার আহ্বান জানিয়েছেন। এই নৈতিক অবস্থান একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি।

ধর্মীয় প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ধর্মের নামে আজ দেশে বিভাজনের চেষ্টা চলছে। কেউ বিভিন্ন প্রতীক নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। অথচ মানুষ অনেক কিছু তৈরি করতে পারলেও পৃথিবীর সব শক্তি একত্র করেও একটি ধানের ভেতরে একটি চাল সৃষ্টি করতে পারে না। ধানের শীষ আল্লাহর বিশেষ নিয়ামতের প্রতীক। তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি ও পিরোজপুর-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আহ্মদ সোহেল মনজুর সুমনের সভাপতিত্বে জনসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুর ইসলাম উজ্জ্বল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রুবেল, ভাণ্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার এবং উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামীম হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভাটি সঞ্চালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব।