

ঠাকুরগাঁও প্রতিনিধি:
বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সেই লক্ষ্যেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকেই কাজ শুরু হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি এখন স্থিতিশীল এবং উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।” গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখাই সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি আরও বলেন, “গত ১৭ ফেব্রুয়ারি আমরা দায়িত্ব নিয়েছি। আগের তুলনায় দেশটা এখন অনেক বেটার (ভালো)।”
সাম্প্রতিক পুলিশ হত্যার তদন্ত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে এনসিপি ‘বিষয়টি মীমাংসিত’ বলে দাবি করলে মন্ত্রী পাল্টা মন্তব্যে বলেন, “সেটি এনসিপি-কেই বলেন।”
বক্তব্যের এক পর্যায়ে নিজের জন্মভূমির মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “ঠাকুরগাঁওবাসীর অব্যাহত সমর্থনে আমি সেবা করার সুযোগ পেয়েছি। আপনাদের এই ভালোবাসার কাছে আমি চিরঋণী।”
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে মন্ত্রী স্থানীয় উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত একটি ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।
আপনার মতামত লিখুন :