

নিজস্ব প্রতিবেদক, ভান্ডারিয়া, পিরোজপুর৷
পিরোজপুর জেলার প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃত ভান্ডারিয়া পৌরসভায় দীর্ঘদিন ধরে নাগরিক সেবার চরম অবনতি দেখা দিয়েছে। বিশেষ করে ৮নং ওয়ার্ডের কানুয়া এলাকার একটি প্রধান সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনভোগান্তি চরমে পৌঁছেছে।
মো: বাদল কাজীর বাড়ি থেকে সাবেক ইউপি সদস্য মরহুম সত্তার সরদারের বাড়ি হয়ে গাজী বাড়ি পর্যন্ত আনুমানিক এক হাজার ফুট দীর্ঘ এ রাস্তাটি সর্বশেষ নির্মাণ করা হয়েছিল ১৯৯১ সালে। প্রায় তিন যুগ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ধরনের পুনঃনির্মাণ বা সংস্কার হয়নি। ফলে রাস্তার অবস্থা এখন অত্যন্ত করুণ।
স্থানীয়রা জানান, জোয়ারের পানি বা বৃষ্টির সময় সড়কটি পানিতে তলিয়ে যায়। এমনকি শুকনো সময়েও খানাখন্দে ভরা রাস্তায় চলাচল করা অত্যন্ত দুরূহ হয়ে পড়ে। যানবাহন তো দূরের কথা, পথচারীদেরও হেঁটে যাতায়াত করতে হয় চরম কষ্টে।
প্রায় ৪০ থেকে ৪৫টি পরিবার নিয়মিত এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। এলাকাবাসীর পক্ষ থেকে পৌর প্রশাসকের কাছে বারবার আবেদন জানানো হলেও আজও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
ভুক্তভোগীরা পৌরসভার প্রশাসকের প্রতি আহ্বান জানিয়েছেন, জরুরি ভিত্তিতে রাস্তার পুনঃনির্মাণ করে চলাচলের উপযোগী করে তোলা হোক।

আপনার মতামত লিখুন :