[gtranslate]

ভান্ডারিয়ায় বিডি ক্লিনের উদ্যোগে প্রথমবারের মতো আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ১৪, ২০২৫, ৮:১২ অপরাহ্ন / ২৭৬
ভান্ডারিয়ায় বিডি ক্লিনের উদ্যোগে প্রথমবারের মতো আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
পিরোজপুর, ১৪ জুন (শনিবার)

পরিচ্ছন্ন ভান্ডারিয়া গড়ার প্রত্যয়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় অনুষ্ঠিত হলো বিডি ক্লিনের এক অনুপ্রেরণামূলক আলোচনা সভা। আজ শনিবার বিকেল ৪টায় এই সভাটি অনুষ্ঠিত হয় স্থানীয় একটি মিলনায়তনে। এতে বরিশাল বিভাগ, পিরোজপুর জেলা এবং ভান্ডারিয়া উপজেলার বিডি ক্লিন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় মূলত বিডি ক্লিন সংগঠনের সাংগঠনিক নীতিমালা, কাজের পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী শুক্রবার, ২০ জুন, ভান্ডারিয়ার বাসস্ট্যান্ড কালিমা চত্ত্বর থেকে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হবে।

প্রতিনিধিরা জানান, আমরা একটি পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গড়তে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজন সকলের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ। তারা আরও বলেন, জনগণকে উৎসাহিত করা হবে ময়লা-আবর্জনা যথাস্থানে ফেলতে। যেখানে ডাস্টবিন নেই, সেখানে নির্ধারিত জায়গা তৈরি করে সচেতনতা গড়ে তোলা হবে।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত চেষ্টায় আমরা গড়ে তুলতে পারি একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ভান্ডারিয়া যা হবে সারাদেশের জন্য একটি উদাহরণ।

উল্লেখ্য, ভান্ডারিয়ায় এবারই প্রথম বিডি ক্লিন তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ ঘিরে ব্যাপক আগ্রহ এবং আশাবাদ দেখা গেছে।