

এম এ রশীদ:
জ্বালানি তেল না পেয়ে প্রধানমন্ত্রী ও সরকারের শীর্ষ ব্যক্তিদের নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর উত্তাল হয়ে উঠেছে সিলেটের গোলাপগঞ্জ। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সূত্রপাত
জানা যায়,গতবৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়,পাম্পে জ্বালানি তেল না পেয়ে একদল যুবক চরম উত্তেজিত হয়ে পড়েন। এসময় তারা দেশের প্রধানমন্ত্রী, জ্বালানি মন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া এই ঘটনার পর থেকে গোলাপগঞ্জের সাধারণ মানুষসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্ষুব্ধ নেতাকর্মীরা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের দাবি, এ ধরনের কুরুচিপূর্ণ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কি না তাও খতিয়ে দেখা প্রয়োজন।
ভিডিওর মাধ্যমে সরকারকে অবমাননা ও কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ বদরুল হক বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সৈয়দ আরিফুল ইসলাম রাকিব (২৮)-কে প্রধান আসামি করে মোট ৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানায়,এজাহার অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
আপনার মতামত লিখুন :