[gtranslate]

ঝিনাইদহে বহুতল ভবন থেকে পড়ে রঙমিস্ত্রির মৃত্যু


প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৬, ৮:০৬ অপরাহ্ন / ২৪
ঝিনাইদহে বহুতল ভবন থেকে পড়ে রঙমিস্ত্রির মৃত্যু

মাকসুদুল হক, ঝিনাইদহ:

রবিবার ১৯ এপ্রিল ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় একটি বহুতল নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোয়েব আলী নামে এক রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তোয়েব আলী (৪৫) ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তোয়েব আলী ও তার সহকর্মীরা শহরের পোস্ট অফিস মোড়ে ওষুধ ব্যবসায়ী আকতারুজ্জামানের নির্মাণাধীন চারতলা ভবনের বাইরের দেয়ালে দড়ির মই ঝুলিয়ে রঙের কাজ করছিলেন। এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের (ওজোপাডিকো) হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে তোয়েব আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান।
সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
নিহতের সহকর্মী নাইমুল ইসলাম জানান, ভবনের খুব কাছ দিয়ে হাইভোল্টেজ লাইন থাকলেও কাজ করার সময় তাদের কোনো সেফটি বেল্ট বা পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ছিল না।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।