

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিয়ের মাত্র তিন দিন আগে মো. নয়ন (২৬) নামের এক যুবকের আকস্মিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নয়ন উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির বাড়ির ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. নাসিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৯ এপ্রিল নয়নের বিয়ের দিন নির্ধারিত ছিল। বিয়েকে কেন্দ্র করে পরিবারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল। তবে সোমবার ভোরে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা দেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।
নিহতের প্রতিবেশী মো. ইদ্রিচ বলেন, “আর মাত্র তিন দিন পর তার বিয়ে হওয়ার কথা ছিল। সব প্রস্তুতি শেষ হয়ে গিয়েছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পথেই সে মারা যায়।” এদিকে আকস্মিক এ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। নিহতের মরদেহ বাড়িতে এনে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জে/এ

আপনার মতামত লিখুন :