[gtranslate]

ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিক হেনস্তার অভিযোগ


প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন / ৪৮
ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিক হেনস্তার অভিযোগ

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাছ বাজারে রং মিশিয়ে মাছ বিক্রির দৃশ্য ধারণ করতে গিয়ে এক সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে ভান্ডারিয়া পৌর শহরের মাছ বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক মেহেদী হাসান দৈনিক অনন্ত বাংলা পত্রিকার ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি। তিনি অভিযোগ করে জানান, বাজারে কিছু অসাধু ব্যবসায়ী মাছের রঙ আকর্ষণীয় করতে রাসায়নিক রং মিশিয়ে বিক্রি করে আসছে।

এর আগেও তিনি কয়েকবার বিষয়টি ভিডিও ধারণ করেন। তখন ব্যবসায়ীরা ক্ষমা চেয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার আশ্বাস দিলে তিনি সংবাদ প্রকাশ থেকে বিরত ছিলেন।

তিনি আরও জানান, শনিবার সকালেও একইভাবে মাছের সঙ্গে রং মেশানো হচ্ছিল। পরে দুপুরে বাজারে গিয়ে তিনি আবারও ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্ত মাছ বিক্রেতা মো. সাইফুল ইসলাম (৪০) পালিয়ে যান।

এ সময় তার সঙ্গে কথা বলতে গেলে বাজারের কয়েকজন ব্যবসায়ী জড়ো হয়ে তাকে নানা ধরনের কটূক্তি করেন এবং ‘চাঁদা নিতে এসেছেন’ বলে অভিযোগ তুলে হেনস্তা করেন।

ঘটনার সময় স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার হোসেনসহ কয়েকজন তাকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ করেন সাংবাদিক মেহেদী হাসান। তিনি তাদের বোঝানোর চেষ্টা করেন যে, রং মেশানো মাছ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

এ সময় স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন (৫২) ঘটনাস্থলে এসে সাংবাদিকের পক্ষে কথা বললে তাকেও তর্কবিতর্কের মুখে পড়তে হয়।

স্থানীয়রা জানান, কিছু অসাধু মাছ ব্যবসায়ীর কারণে বাজারে নিয়মিত রং মিশিয়ে মাছ বিক্রি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত এ ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।