[gtranslate]

দোয়ারাবাজারে ঝগড়া করে নববধূ নিখোঁজ, থানায় ডায়েরি


প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৬, ২:১৯ অপরাহ্ন / ২২৩
দোয়ারাবাজারে ঝগড়া করে নববধূ নিখোঁজ, থানায় ডায়েরি

দোয়ারাবাজার প্রতিনিধিঃ

​সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া করে আফরোজা আক্তার (১৯) নামের এক নববধূ নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত রবিবার (৮ মার্চ) সকালে উপজেলার বোগলা বাজার ইউনিয়নের কবির নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ আফরোজা ওই গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী। ​এই ঘটনায় নববধূর স্বামী মনোয়ার হোসেন গত ৯ মার্চ রাতে দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৯ মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে পারিবারিকভাবে মনোয়ার ও আফরোজার বিয়ে হয়। মনোয়ার জীবিকার তাগিদে ঢাকায় একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গত রবিবার সকালে বড় ননদ মাহমুদা বেগমের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে আফরোজার কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে সকাল ৯টার দিকে পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ হওয়ার সময় আফরোজা তাঁর ননদের ব্যবহৃত একটি মুঠোফোন (০১৯৯১৩৪৭০০৯) সঙ্গে নিয়ে গেছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। ​স্ত্রী নিখোঁজের খবর পেয়ে ঢাকা থেকে বাড়িতে ছুটে আসেন মনোয়ার হোসেন। গতকাল রাতে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের মধ্যে কোনো কলহ ছিল না। হঠাৎ সামান্য ঝগড়া করে সে কেন এভাবে চলে গেল, বুঝতে পারছি না। সব জায়গায় খুঁজেও তাকে পাচ্ছি না। আমি প্রশাসনের কাছে আমার স্ত্রীকে দ্রুত ফিরে পাওয়ার দাবি জানাচ্ছি।

​এ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, বিষয়টি আমার বিস্তারিত জানা নেই। তবে নিখোঁজ সংক্রান্ত কোনো আবেদন জমা পড়লে আমরা দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।