

কামরুজ্জামান লিটন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহ সংক্রান্ত দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে হাসপাতাল রোডে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, দরপত্র মূল্যায়নের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করা হয়নি।
সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থ বছরের জন্য হাসপাতালে ভর্তি রোগীদের খাদ্য ও পথ্য সরবরাহের লক্ষ্যে গত ৯ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করা হয়। নিয়ম অনুযায়ী সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দেওয়ার কথা থাকলেও তা উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এর আগে রোববার স্থানীয়রা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ জমা দেন। পরদিনই সেই অভিযোগের প্রতিবাদে মাঠে নামেন তারা। মানববন্ধনে বক্তারা দাবি করেন, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী আব্দুল হান্নান নিজের সম্পৃক্ততা গোপন রেখে ‘মিশন কর্পোরেশন’ নামে দরপত্রে অংশ নেন এবং ভুয়া কাগজপত্র ব্যবহার করেন। এ বিষয়ে গত ১৬ মার্চ সিভিল সার্জনের কাছে অভিযোগ দিলে তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্ত শেষ হওয়ার আগেই ওই প্রতিষ্ঠানের পক্ষে কার্যাদেশ দেওয়া হয়।
তাদের অভিযোগ, এতে কম দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে বেশি দরদাতাকে কাজ দেওয়ায় সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা তৈরি হয়েছে। কর্মসূচিতে বক্তব্য দেন সেলিম রেজা, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম খোকন, আব্দুল আজিজসহ আরও অনেকে। বক্তারা দ্রুত এই কার্যাদেশ বাতিল, নতুন করে স্বচ্ছ দরপত্র আহ্বান এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জে/এ

আপনার মতামত লিখুন :