[gtranslate]

চরাঞ্চলে কৃষিতে আধুনিকায়ন: সরিষাবাড়ীতে সেচ সরঞ্জাম বিতরণ


প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন / ৪২
চরাঞ্চলে কৃষিতে আধুনিকায়ন: সরিষাবাড়ীতে সেচ সরঞ্জাম বিতরণ

কামরুজ্জামান লিটন, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চরাঞ্চলের কৃষিকে আধুনিকায়নের লক্ষ্যে বাস্তবায়িত “চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সেচ সহায়ক সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ১৮টি গ্রুপ সমিতির মধ্যে এ সহায়তা প্রদান করা হয়। প্রতিটি গ্রুপে ৩০ জন সদস্যের জন্য একটি করে মোট ১৮টি এলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে চরাঞ্চলের কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত হবে এবং কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত কৃষক রহুল আমিন, ঠান্ডু মিয়া, মুনছের আলী ও নুর মোহাম্মদ বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি উন্নয়নে সহায়তার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন করেছেন। তারা আরও জানান, এ ধরনের উদ্যোগ চরাঞ্চলের সেচ সংকট অনেকাংশে দূর করবে এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করবে। এতে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়ে এলাকার সামগ্রিক কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

কৃষকরা কৃষি উপকরণ হাতে পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ বলেন, সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হলো চরাঞ্চলের কৃষিকে টেকসই ও লাভজনক করে তোলা। আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আলামিন শেখসহ স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।