

কামরুজ্জামান লিটন, জামালপুর প্রতিনিধি-
জামালপুরের ইসলামপুরে জ্বালানি তেল বিক্রির গুজব ছড়িয়ে পড়ায় ফিলিং স্টেশনে ভিড় করেন শতাধিক মোটরসাইকেল চালক। পরে তেল না পেয়ে ক্ষোভে সড়ক অবরোধের ঘটনা ঘটে। সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার মোশাররফগঞ্জ এলাকার ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে এ পরিস্থিতির সৃষ্টি হয়। জানা যায়, সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ফিলিং স্টেশনে তেল বিক্রি হবে এমন খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এর পরপরই বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চালকরা সেখানে এসে জড়ো হন। কিন্তু বাস্তবে কোনো জ্বালানি তেল সরবরাহ না থাকায় বিক্রি বন্ধ ছিল।
এতে ক্ষুব্ধ হয়ে চালকরা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ গড়ে তোলেন। এতে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় ভোগান্তি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইউম গাজী বলেন, “ভুল তথ্যের ভিত্তিতে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।” জে/এ

আপনার মতামত লিখুন :