[gtranslate]

দাবদাহের সঙ্গে লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী, বিপাকে পরীক্ষার্থীরা


প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ৮:০০ পূর্বাহ্ন / ৪৩
দাবদাহের সঙ্গে লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী, বিপাকে পরীক্ষার্থীরা

 বিশেষ প্রতিবেদক

দাবদাহ ও লোডশেডিংয়ে দিনাজপুরের বিরামপুর এলাকায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বারবার বিদ্যুতের লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী।

জানা গেছে, গত কয়েক দিন ধরে এই এলাকায় চলছে চৈত্রের দাবদাহ। প্রচণ্ড গরমের মাঝে আবার শুরু হয়েছে বিদ্যুতের লোডশেডিং। ফলে মানুষ একটু স্বস্তির আশায় ঝুঁকে পড়েছেন রিচার্জেবল বৈদ্যুতিক ফ্যান কেনার দিকে। সামর্থ্যবানরা সংযোগ করছেন আইপিএস।

শহরের ইলেকট্রিক দোকানগুলো ঘুরে দেখা গেছে, রিচার্জেবল ফ্যান কেনার ক্রেতা সমাগম। অনেকের এসব রিচার্জেবল ইলেকট্রিক জিনিস কেনার সামর্থ্য নেই। তারা ব্যবহার করছেন হাতপাখা।

উপজেলার বিজুল নলেরপাড়া গ্রামের মোতালেব বলেন, তার এলাকায় রিচার্জেবল ফ্যানের চাহিদা থাকলেও কেনার সামর্থ্য নেই। বিদ্যুৎ না থাকায় ছেলেমেয়েকে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে।

এসএসসি পরীক্ষার্থী মেধা পারভীন বলেন, আমার অনেক পড়াশোনা করতে হয়, রাতে বা দিনে সব সময় এভাবে যদি বিদ্যুতের ভেলকিবাজি চলে তাহলে কিভাবে পড়াশোনা করব? খুব গরম ও তাপপ্রবাহ চলছে আমাদের এলাকায়।

বিরামপুরের দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী সাদেকুর রহমান বলেন, আমাদের এই সমিতিতে ৮০ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ মিলছে ৩৫-৪০ মেগাওয়াট। যে কারণে গ্রাহকদের পড়তে হচ্ছে লোডশেডিংয়ের কবলে। আশা করছি, দ্রুত সমাধান হবে।