

কামরুজ্জামান লিটন, জামালপুর প্রতিনিধি-
জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। একই মামলায় ওই তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন-জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা এলাকার আজিজুল হকের ছেলে ফারুক হোসেন (২৮), আলী আকবরের ছেলে মনছুর আলী (২৫) এবং শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন (১৬)। একই মামলায় ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (১৭) কে খালাস প্রদান করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, ২০২৩ সালে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হন। অভিযুক্তরা প্রথমে ওই গৃহবধূর স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং পরে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। পাশাপাশি তাদের যাবজ্জীবন কারাদণ্ডও প্রদান করা হয়। তবে দণ্ডপ্রাপ্ত আসামিরা বর্তমানে পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, দীর্ঘদিন পর ভুক্তভোগী পক্ষ ন্যায্য বিচার পেয়েছে। আদালতের এ রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। জে/এ

আপনার মতামত লিখুন :