

কামরুজ্জামান লিটন, জামালপুর প্রতিনিধি:
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি গুপ্তচক্র নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে এসব অপচেষ্টা প্রতিহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
শামীম তালুকদার বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, সাধারণ মানুষের মধ্যে ততই উৎসাহ ও উদ্দীপনা বাড়ছে। ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে তৃণমূল মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আমি ঘরে ঘরে গিয়ে ভোট ও দোয়া চাইছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি।
তিনি আরও বলেন, আল্লাহর রহমত ও জনগণের ভোটে বিএনপি বিজয়ী হলে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ভিশন বাস্তবায়ন করা হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় তিনি ভোটারদের ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, অর্থ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবু, ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম তালুকদার চয়ন, দপ্তর সম্পাদক মাসুম মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :