[gtranslate]

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বোয়ালিয়া রেইন্টিতলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস, ইজিবাইক ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষ


প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন / ৮৫
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বোয়ালিয়া রেইন্টিতলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস, ইজিবাইক ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষ

শাহিন হাওলাদার,
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ অংশের বোয়ালিয়া রেইন্টিতলা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস, ইজিবাইক এবং মোটর সাইকেলের মধ্যে এই ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটর সাইকেলকে চাপা দিলে এই সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের ফলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটর সাইকেল আরোহী ছিটকে রাস্তার পাশে পড়ে যান। ​প্রাথমিক তথ্যানুযায়ী, দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিক ভাবে আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করেছেন। তবে তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের এই অংশে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তারা স্পিড ব্রেকার স্থাপন এবং ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। জে/এ