[gtranslate]

নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৬, ১১:১৮ অপরাহ্ন / ১৪৪
নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

এনামুল হক:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার দুইদিন পর মামুন (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে।নিহত মামুন কাজিপুর উপজেলার ছালাভরা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ঢেকুরিয়া ইকোপার্ক এলাকায় যমুনা নদীতে তার মরদেহ ভেসে ওঠে। এর আগে ৯ এপ্রিল বিকেলে একই স্থানে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান জানান, গত বৃহস্পতিবার বিকেলে মামুন ও তার বন্ধু নাজমুল নদীতে গোসল করতে নামে। এ সময় নাজমুল সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মামুন প্রবল স্রোতে তলিয়ে যায়। নিখোঁজের পর স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘শনিবার সন্ধ্যায় ঢেকুরিয়া ইকোপার্ক এলাকায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

স্বজনরা রাতেই তার দাফনের প্রস্তুতি নিচ্ছে।’

এ/জে